ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশদূষণ রোধে শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।
পরে গ্রিন রোড ও আজিমপুরের সরকারি আবাসিক এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া এলাকার প্রধান সড়ক ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
