জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন।
তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়টিও স্পষ্ট নয়।
ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ উদ্ঘাটন এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
