হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী একটি বিশাল ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। জাহাজটিতে ২০ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে বাহিনীটি।
আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ইরানের বাহিনী জানায়, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকারটি সমুদ্রের মাইনে আঘাত করে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।
বাহিনীটির অভিযোগ, ট্যাংকারটি তার সব শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল জাহাজটি বলেও দাবি করেছে ইরান।
বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ। ইরানের নিয়ম অমান্য করে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে যেসব জাহাজ চলাচল করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
সূত্র: আল-জাজিরা
/অ
