খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অবস্থানকালীন জেলার তেরখাদা উপজেলায় এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. রামীম বিশ্বাস (৩২) মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯-১০ নম্বর সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রাম এলাকার খান ব্রিকস সংলগ্ন আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন রামীম। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই তেরখাদা থানা-পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হামলার মূল কারণ এবং এতে জড়িত অপরাধীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হামলাকারীদের গ্রেপ্তার ও সনাক্তে জোরালো অভিযান শুরু করা হয়েছে। সেই সঙ্গে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি জারি রয়েছে।
