আইজিপি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং তাদের সহযোগিতার কারণে দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তবে পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং তাদের সহযোগিতার কারণে দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তবে পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। ধর্ম, মত ও বর্ণনির্বিশেষে দেশ সবার উল্লেখ করে তিনি বলেন, সব অপশক্তি নির্মূল করে সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, ওই সময় পাঁচ থেকে সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারো নিরাপত্তা ছিল না এবং সবাই উদ্বিগ্ন ছিলেন। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অঘটন ঘটেছিল। সেখান থেকে পুলিশ জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করার পাশাপাশি সবার জীবনমান উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশপ্রধান।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তারা বলেন, পুলিশ সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করায় নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
