
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব গ্রামীণ আবাসন গড়ে তুলতে স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় দেশের জলবায়ু ও দুর্যোগপ্রবণ বিভিন্ন অঞ্চলের উপযোগী বাড়ির নকশা আহ্বান করা হবে।
এ লক্ষ্যে আজ ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং আইএবির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
প্রতিযোগিতার আওতায় এমন আবাসন নকশা তৈরি করা হবে, যা স্থানীয় পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার পাশাপাশি ব্যয় সাশ্রয়ী, নিরাপদ এবং বাস্তবে নির্মাণযোগ্য হবে। এ জন্য উপকূলীয় অঞ্চল, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি, পাহাড়ি এলাকা এবং বরেন্দ্র অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। জমা পড়া নকশাগুলোর মধ্য থেকে মাঠপর্যায়ে বাস্তবায়নের উপযোগী সেরা ১০টি আবাসন মডেল নির্বাচন করবে পিকেএসএফ।
সবুজ জলবায়ু তহবিলের অর্থায়নে পিকেএসএফের বাস্তবায়নাধীন জলবায়ু-সহনশীল বসতবাড়ি ও জীবিকা সহায়তা প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের উপকূলীয় সাতটি জেলায় সাড়ে তিন হাজারের বেশি জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য স্থানীয় বাস্তবতা উপযোগী আবাসন মডেল তৈরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি এসব নকশা বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সুবিধা ও সামগ্রিক সক্ষমতা বাড়ানোর পথ আরও প্রসারিত হতে পারে।
অর্থসূচক/
The post জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ appeared first on অর্থসূচক.
