কালবেলা · আন্তর্জাতিক
মক্কা চুক্তিতে ইরানের যোগদানের সিদ্ধান্তকে সম্মান জানাবে রাশিয়া: লাভরভ
১৯/১০/২০২৬

ইরান যদি মনে করে যে মক্কা চুক্তিতে যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে, তাহলে তেহরানের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে মস্কো। সোমবার (১৯ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেন। খবর তাসের।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইরানের নেতৃত্ব যদি কোনো পর্যায়ে মনে করে, এই জোটের সঙ্গে যোগাযোগ শান্তি প্রতিষ্ঠা ও স্বাধীনভাবে উন্নয়নের পথ এগিয়ে নিতে সহায়তা করবে, তাহলে রাশিয়া তাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে।
লাভরভ বলেন, মক্কা চুক্তি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছিল রাশিয়া। এই জোটের ঘোষিত লক্ষ্য হলো স্থিতিশীলতা অর্জন, শান্তি প্রতিষ্ঠা ও সহযোগিতা বাড়ানো; এমন ধারণার ভিত্তিতেই মস্কো বিষয়টি বিবেচনা করে।
তিনি আরও বলেন, আরব রাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল এই ত্রয়ী জোটের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং এর কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে তিনি বলেন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসবে না রাশিয়া। কঠিন পরিস্থিতির মধ্যেও দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো কার্যকর করার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বারবার উল্লেখ করা কঠিন পরিস্থিতি সত্ত্বেও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।’
সূত্র : তাস
মূল প্রতিবেদনে যান ↗