দেবী দুর্গার বোধনের সঙ্গে বধ বৃষ্টি-অসুর। বঙ্গবাসীর জন্য সুখবর! পুজোয় বাধা হবে না বৃষ্টি। শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গজুড়ে। আজ প্রথম সপ্তমীতে হালকা বৃষ্টি হলেও অধিক সপ্তমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। হলেও তা বিক্ষিপ্তভাবে সামান্য হতে পারে। রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হবে। কমতে পারে শহরের তাপমাত্রাও।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় সপ্তমী থেকে বদলে যাবে আবহাওয়া। একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। হলেও তা বিক্ষিপ্তভাবে সামান্য হতে পারে। রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হবে। কমতে পারে শহরের তাপমাত্রাও।
অন্যদিকে উত্তরবঙ্গেও বদলাবে আবহাওয়া। অষ্টমী থেকে কমবে বৃষ্টি। শুষ্ক আবহাওয়া থাকবে পাহাড়ে। আজ, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু’একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। রবিবার দ্বিতীয় সপ্তমীতেও দার্জিলিং ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। এই দিন উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। একাদশী পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।
