রাজধানীর উত্তর শাজাহানপুরের একটি টিনশেড বাসা থেকে আব্দুল ফারুক (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতো।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মনজুরুল আলম জানান, আমরা দুপুর ১২টার দিকে খবর পেয়ে উত্তর শাজাহানপুরের একটি টিনশেড দোতলা বাসা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনদের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করত। সকালে কোন এক সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের স্ত্রী আছিয়া জানান, আমার স্বামী ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতো এবং আমি বাসা বাড়িতে কাজ করি। সকালে বাসাবাড়ি কাজ শেষ করে এসে আমি বাসার দরজা লাগানো দেখতে পাই। পরে বাসার দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়; পরে ভিতরে গিয়ে আমার স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়। কী কারণে আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
তিনি আরো জানান, আমার স্বামীর গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার চরখোয়াজপুর গ্রামে।তিনি মৃত আব্দুল হামিদের সন্তান। আমরা ঢাকা উত্তর শাহজাহানপুর ৩৪ নং বাসার একটি টিনশেটের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতাম। আমার এক ছেলে ও এক মেয়ে আছে।
