নরসিংদীর সদর উপজেলার মাধবদীর একটি ডাইং ফ্যাক্টরির বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেলে মাধবদীর বিরামপুরে এলাকার কালীবাড়ি ডাইং ফ্যাক্টরির একটি বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফয়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নির্বাপণে যুক্ত হয়। মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহত চারজনের মধ্যে ডাইংটির ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, আমরা বিকালে খবর পাই মাধবদীর একটি ফ্যাক্টরির বয়লারে আগুনের ঘটনা ঘটেছে। পরে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বয়লারের স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।
