ফিচার ডেস্ক

পূজার দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখার পরিকল্পনা তো রয়েছেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, রোদের উত্তাপ আর ভিড়ের গরমে সাধের মেকআপ গলে যাওয়া বা ছোপ ছোপ হয়ে যাওয়ার সমস্যায় কমবেশি সবাই পড়েন। উৎসবের আনন্দের মাঝে বারবার মেকআপ নষ্ট হলে মনটাই খারাপ হয়ে যায়। অনেক ছবি তো তুলে রাখতে হবে, তাই না? চিন্তার কিছু নেই! মাত্র কয়েকটি সহজ কৌশল এবং ব্যাগে রাখা ছোট কিছু অনুষঙ্গ দিয়েই আপনি প্রতিমা দেখার ফাঁকে কয়েক মিনিটে মেকআপ রিটাচ বা ঠিক করে নিতে পারেন। জেনে নিন সেই জাদুকরি টিপসগুলো।

ব্লটিং পেপার বা টিস্যুর জাদুকরি ব্যবহার
গরমে ঘোরাঘুরির কারণে মুখে তেল বা ঘাম জমলে কখনোই তার ওপর সরাসরি পাউডার দেবেন না। এতে মেকআপ কেকি বা কালচে দেখাবে। ব্যাগে সব সময় ব্লটিং পেপার বা সাধারণ ওয়েট ওয়াইপস রাখুন। প্রতিমা দেখার মাঝে যখনই মনে হবে মুখ তেলতেলে লাগছে, ব্লটিং পেপার দিয়ে আলতো করে চেপে অতিরিক্ত তেল ও ঘাম শুষে নিন।
ফেস মিস্ট দিয়ে ত্বকের তরতাজা ভাব ফিরিয়ে আনুন
সারা দিন মণ্ডপে ঘোরার ক্লান্তি দূর করতে ফেস মিস্ট দারুণ কাজ করে। ত্বক যখন নিস্তেজ দেখাবে, তখন মুখ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ফেস মিস্ট স্প্রে করুন। এটি আপনার ত্বকে তাৎক্ষণিক আর্দ্রতা দেবে এবং মেকআপ সতেজ করে তুলবে। আপনার কাছে ফেস মিস্ট না থাকলে একটি ছোট স্প্রে বোতলে গোলাপ জলও রাখতে পারেন।
কমপ্যাক্ট বা লুজ পাউডারের ছোঁয়া
ব্লটিং পেপার দিয়ে তেল শুষে নেওয়ার পর আপনার টি-জোন, অর্থাৎ কপাল, নাক ও চিবুক এলাকায় সামান্য কমপ্যাক্ট পাউডার বা লুজ পাউডার বুলিয়ে নিন। একটি ছোট পাউডার ব্রাশ বা পাফ দিয়ে হালকা করে পাউডার লাগালে মেকআপ আবার নতুনের মতো ম্যাট ও ফ্রেশ দেখাবে।
লিপস্টিক ও কাজলের রিটাচ
মণ্ডপে ঘোরার ফাঁকে ফুচকা বা বিভিন্ন মিষ্টি পানীয় চেখে দেখা ছাড়া তো পূজা অপূর্ণ! আর খাওয়ার পরেই লিপস্টিক হালকা হয়ে যায়। তাই ব্যাগে আপনার পরা লিপস্টিকটি অবশ্যই রাখবেন। ঠোঁটের মাঝখানের হালকা হয়ে যাওয়া অংশে একটু লিপস্টিক বুলিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিন। এ ছাড়া চোখ থেকে কাজল ছড়িয়ে গেলে একটি কটন বাড দিয়ে অতিরিক্ত অংশ মুছে নিয়ে আবার হালকা করে কাজল বা লাইনার টেনে নিন।

মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন
আপনার রিটাচ বা টাচ-আপ শেষ হওয়ার পর পুরো মেকআপ লক করতে সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপকে দীর্ঘক্ষণ এক জায়গায় ধরে রাখবে, ফলে বারবার মেকআপ গলে যাওয়ার ভয় থাকবে না।
বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যাগে যা যা নিতে হবে
মণ্ডপে ঘোরার সময় ভারী মেকআপ বক্স সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। একটি ছোট পাউচে শুধু কয়েকটি জিনিস রাখলেই হবে। যেমন ব্লটিং পেপার বা ওয়েট টিস্যু, আয়নাযুক্ত কমপ্যাক্ট পাউডার, আপনার ঠোঁটে ব্যবহৃত রঙের লিপস্টিকটি, কটন বাড, একটি ছোট ফেস মিস্টের বোতল আর সুগন্ধি।
যেখানে গিয়ে মেকআপ ঠিক করবেন
প্রতিমা দেখার মাঝে দুপুরের খাবার বা সন্ধ্যার হালকা নাশতা খেতে যখন কোনো রেস্তোরাঁ বা ক্যাফেতে ঢুকবেন, সেখানকার ওয়াশ রুমটি ব্যবহার করুন। সেখানে যদি বড় আয়না, ভালো আলো এবং বেসিন থাকে, তাহলে তা মেকআপ ঠিক করার জন্য সেরা ও আরামদায়ক জায়গা। আপনি যদি নিজের গাড়িতে বা বন্ধুর গাড়িতে মণ্ডপে যান, তবে গাড়ির ভেতরেই মেকআপ রিটাচ করে নিতে পারেন। এ ছাড়া মণ্ডপের মূল ভিড় থেকে কিছুটা দূরে, কোনো গাছের নিচে বা একটু নিরিবিলি জায়গায় চলে যান। ব্যাগ থেকে নিজের ছোট পকেট আয়না বের করে সেখানে দাঁড়িয়ে দ্রুত টাচ-আপ করে নিতে পারেন।
সূত্র: ভোগ অবলম্বনে

