বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তার শরীরে কোনো গুলির আঘাত লাগেনি বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
৩৬ বছর বয়সী এই অভিনেতাকে লক্ষ্য রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হামলা চালানো হয়। তখন তিনি মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হচ্ছিলেন।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্তত দুজন বন্দুকধারী কাছ থেকে একটি গাড়ির সামনের যাত্রীর আসন লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ছে। এ সময় গাড়িটি ধীরে ধীরে একটি ভিড়ের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল।
এই ঘটনা ভারতে সুপরিচিত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় কয়েকজন নিহত বা আহত হয়েছেন।
মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “মানুষকে ভয় দেখানোর এই প্রচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না, এবং আমরা এই গুন্ডামির অবসান ঘটাব।” মুম্বাই এই রাজ্যেরই একটি শহর।
রোববার সন্ধ্যায় গুলিবর্ষণের ঘটনার পর তিনি শ্রফের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এই হামলায় অভিনেতা ও তার মা দুজনেই ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিলেন।
পুলিশ জানিয়েছে, এই গুলিবর্ষণের ঘটনায় দুজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে শ্রফের গাড়িচালকও রয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের কয়েকজন বড় সুপরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার মধ্যে এটি সবশেষ ঘটনা।
২০২৪ সালে বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশ একটি অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।
একই বছর মুম্বাইয়ে প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়।
টাইগার শ্রফ ২০১৪ সালে রোমান্টিক চলচ্চিত্র ‘হিরোপান্তি’ দিয়ে অভিনয়ে অভিষেক করেন। এরপর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি ফুটবলেরও একজন ভক্ত এবং পেশাদার ফুটবল ক্লাব মুম্বাই এফসির হয়ে খেলেন।
