আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে চার উইকেট আগেও নিয়েছেন মিচেল স্যান্টনার। ২০০৭ সালে ড্যানিয়েল ভেট্টরির পর প্রথম স্পিনার হিসেবে এই কীর্তি তিনি গড়েন ২০১৬ সালের বিশ্বকাপে। তারপর আরও দুজন ভিন্ন বোলার এই কীর্তি গড়েন। কিন্তু স্যান্টনার আরেকবার ভারতের চার উইকেট তুলে নিলেন, তাতে গড়লেন ইতিহাস।
ভারতের বিপক্ষে প্রথম স্পিনার হিসেবে চার উইকেট নিয়েছিলেন ভেট্টরি। নিউজিল্যান্ডের এই বোলার ২০০৭ সালে জোহানেসবার্গে ২০ রান দিয়ে চার ব্যাটারকে ফেরান।
তার ৯ বছর পর আরেক নিউজিল্যান্ডার ঘূর্ণি জাদুতে এই সাফল্য পান। তারপর ২০২১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চলতি বছর দিল্লিতে গেরহার্ড এরাসমাস যথাক্রমে ৯ ও ২০ রান দিয়ে ম্যাচে চার উইকেট নেন।
কোনো স্পিনারের ভারতের বিপক্ষে চার উইকেট নেওয়ার ঘটনা পঞ্চমবার ঘটল ক্রাইস্টচার্চে। আজ শনিবার ২১ রান দিয়ে চার উইকেট নেন। তাতে প্রথম বোলার হিসেবে মেন ইন ব্লুদের বিপক্ষে একাধিকবার চার ব্যাটারকে ফেরানোর সাফল্য পেলেন।
নবম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে অভিষেক শর্মাকে ফেরান স্যান্টনার। নিজের পরের ওভারে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলকে সাজঘরের পথ ধরান তিনি। এরপর নিজের শেষ ও ইনিংসের ১৫তম ওভারে নামান ধীরকে আউট করেন এই কিউই স্পিনার। কিন্তু ২০১৬ সালের মতো এবার তার বোলিং পারফরম্যান্স নিউজিল্যান্ডকে জেতাতে পারেনি। ওইবার ১২৬ রান ডিফেন্ড করে জিতেছিল কিউইরা।
এফএইচএম
