নরসিংদীতে কনসার্ট উপভোগ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে জীবন আহমেদ (২০) এবং পূর্বপাড়া গ্রামের প্রবাসী হেলিম মিয়ার ছেলে নীরব খান (২০)।
নীরব নরসিংদী স্কলাস্টিকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে জীবন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত কনসার্ট দেখতে যান।
রাত সাড়ে ৮টার দিকে নীরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হাটুভাঙ্গা-সংলগ্ন আশারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। নীরবের মামা সুমন পারভেজ জানান, দুর্ঘটনার পর নীরবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল।
অন্যদিকে জীবনের পরিবারের সদস্যরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বলেন, শুক্রবার রাতে দুই তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই সময় দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে পেয়েছেন তারা। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
বিআলো/আমিনা