স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক লোকসমাজের কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী সভাপতি এবং দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী (নয়া দিগন্ত) ও মোতাহার হোসাইন (সমকাল), যুগ্ম সম্পাদক পদে মশিয়ার রহমান (আলোকিত বাংলাদেশ ও সমাজের কাগজ) ও মেহেদী হাসান জাহিদ (সময়ের খবর), কোষাধ্যক্ষ পদে সিদ্দিকুর রহমান (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ (প্রতিদিনের কথা), এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান (অনির্বাণ)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির ৫টি সদস্য পদে আজিজুর রহমান (যুগান্তর), নুরুল ইসলাম খান (কালের কণ্ঠ), আবদুল্লাহ আল ফুয়াদ (দৈনিক কল্যাণ), উৎপল দে (কালবেলা) এবং শেখ শাহীনুর ইসলাম (করতোয়া) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি জয়দেব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রেসক্লাবের সকল সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংবাদ পরিবেশনে সত্য ও ন্যায়ের পক্ষে লেখনী ধারণ এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফ-উজ-জামান ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ। তাঁরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
