নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৩৯০ পুরিয়া হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা হেরোইনের মোট ওজন ৭ দশমিক ৮ গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার, এসআই কাঞ্চন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ও পুলিশের অন্যান্য সদস্য।
অভিযানকালে পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকা থেকে ৩৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকার মোছা. মোরশেদা খাতুন (৪৩), মো. মাহফুজ হোসেন (২০), মো. মোস্তফা কামাল (৩০) ও মো. সুজন সরদার (২৮)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নলডাঙ্গা থানা এলাকার স্থায়ী বাসিন্দা। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই বাংলা/এমএস
