দিনাজপুরের ঘোড়াঘাটে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর কহিনুর নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর মৌজার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কহিনুর ওই গ্রামের বাসিন্দা শহিদুল ও ছমিরন দম্পতির মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কোনো একটি বিষয় নিয়ে কহিনুরের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তার মা ঘর থেকে বাইরে চলে যান। পরে পরিবারের সদস্যরা কহিনুরকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
তবে মা-মেয়ের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
The post ঘোড়াঘাটে মায়ের সঙ্গে অভিমান, কিশোরীর ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
