জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের লিসবন, পোর্তো ও কোইমব্রা শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবারের (১৭ অক্টোবর) এসব কর্মসূচি থেকে বেতন বৃদ্ধি, উন্নত পেনশন ও সাশ্রয়ী আবাসনের দাবি জানানো হয়।
পর্তুগিজ শ্রমিকদের সাধারণ কনফেডারেশন (সিজিটিপি) বিক্ষোভের আয়োজন করে। লিসবনে বিক্ষোভকারীরা কাইশ দো সোদ্রে এলাকা থেকে মিছিল নিয়ে রোসিও চত্বরের দিকে যান। তাদের হাতে ছিল বেতন বৃদ্ধি ও আবাসন নীতির উন্নতির দাবিসংবলিত ব্যানার। এ সময় তারা কম বেতন ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দেন।
পোর্তোতে কয়েক হাজার মানুষ বাতালিয়া চত্বর থেকে ডম জোয়াও প্রথম চত্বর পর্যন্ত মিছিল করেন। বেতন, পেনশন ও সরকারি সেবার মান বাড়ানোর দাবির পাশাপাশি আবাসন সংকটের বিষয়টিও তুলে ধরেন তারা। মিছিলে অংশ নেওয়া প্রায় ১০০ তরুণ আবাসন আন্দোলনকর্মী প্ল্যাকার্ড ও একটি তাঁবু বহন করেন।
আবাসন আন্দোলনের মুখপাত্র ক্রিস্তিয়ানা লিয়াল বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার ভোরে পোর্তোতে পুলিশের অভিযানে একটি আবাসন আন্দোলনের অস্থায়ী শিবির উচ্ছেদের পর এই বিক্ষোভ হলো। সমাজতান্ত্রিক দলের নেতা হোসে লুইস কার্নেইরো বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। একই সঙ্গে তিনি পুলিশের অভিযানে বলপ্রয়োগের প্রয়োজনীয়তা ও মাত্রা যথাযথ ছিল কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান। ঘটনাটি নিয়ে দেশটির অভ্যন্তরীণ প্রশাসনের মহাপরিদর্শক দপ্তর তদন্ত করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
