আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর শুরুতেই নজরকাড়া পারফরম্যান্স ভারতের। মহিলাদের কম্পাউন্ড আর্চারির যোগ্যতা অর্জন পর্বে ৭২০-এর মধ্যে ৭০৪ পয়েন্ট স্কোর করে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ভারতের শীতল দেবী। নিজের এশীয় রেকর্ড ভেঙে ভারতীয় দলের অভিযানেও জোরালো বার্তা দিলেন ১৯ বছরের এই তিরন্দাজ। তাঁর সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স পায়েল নাগেরও। দু’জনে মিলে ১,৩৭৯ পয়েন্ট সংগ্রহ করে দলগত বিভাগে শীর্ষস্থান দখল করেছে ভারত। সেই সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় জুটি।
জম্মু ও কাশ্মীরের শীতল ৭২টি শটের মধ্যে ৫৭টিতে নিখুঁত ১০ পয়েন্ট অর্জন করেন। এর মধ্যে ৩২টি ‘এক্স’ মারেন। এর আগে তাঁর এশীয় রেকর্ড ছিল ৬৯৮ পয়েন্ট। এক ধাক্কায় ছয় পয়েন্ট বাড়িয়ে সেই নজির ভেঙে দিলেন তিনি। ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে তুরস্কের ওজনুর গির্দি ৭০৪ পয়েন্ট স্কোর করে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, এ দিন সেই নজিরই স্পর্শ করেন শীতল।
প্যারিস প্যারালিম্পিক্সের ব্রোঞ্জজয়ী শীতল ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ৬৮০ পয়েন্ট স্কোর করে এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়েছিলেন। সে বার ব্যক্তিগত ও মিক্সড টিম বিভাগে সোনা এবং ডাবলসে রুপো জিতেছিলেন তিনি। চলতি বছরের মার্চে নিজের এশীয় রেকর্ড বাড়িয়ে ৬৯৮ পয়েন্টে নিয়ে গিয়েছিলেন শীতল। নাগোয়ায় আরও এক ধাপ এগিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।
ভারতের সাফল্যে বড় অবদান পায়েল নাগেরও। এশিয়ান প্যারা গেমসে অভিষেকেই ৬৭৫ পয়েন্ট নিয়ে মহিলাদের কম্পাউন্ড যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করেন ওড়িশার এই তিরন্দাজ। চার অঙ্গহীন পায়েল চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিশ্ব আর্চারি প্যারা সিরিজে শীতলকে হারিয়ে সোনা জিতে আলোচনায় উঠে এসেছিলেন। নাগোয়ায় তাঁর পারফরম্যান্সও ভারতের পদক জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
শীতল ও পায়েলের সম্মিলিত ১,৩৭৯ পয়েন্টের ধারেকাছে পৌঁছতে পারেনি অন্য কোনও দল। ১,৩৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান পাওয়ায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত। শেষ চারে ওঠার লড়াইয়ে পঞ্চম বাছাই থাইল্যান্ড ও চতুর্থ বাছাই কাজাখস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় জুটি। সেই ম্যাচ জিতলেই পদকের লড়াইয়ে পৌঁছে যাবে তারা।
শীতলের বিশ্বরেকর্ড স্পর্শ এবং পায়েলের দুরন্ত অভিষেক, দুইয়ের সম্মিলিত সাফল্যে নাগোয়ায় আর্চারি প্রতিযোগিতার শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিল ভারত।
