‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর প্রাঙ্গণে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং নিয়মিত মহড়ার আয়োজন জরুরি। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে।
এর আগে মহড়ায় অগ্নিকাণ্ড মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, স্কাউট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post রাজাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস appeared first on Dhaka Protidin.
