স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১৯৫ কার্টন ভারতীয় বিস্কুট ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৮নম্বর তোয়াকুল ইউনিয়নের লাকি এলাকায় আব্দুল হকের স-মিলের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তবে আনোয়ার মিয়া (৩৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকি এলাকায় আব্দুল হকের স-মিলের সামনে থেকে অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে ভারতীয় ১৭৭ কার্টন মাল্কিস ক্রেকার বিস্কুটস ও ১৮ কার্টন ওরিও চকো ক্রিম স্যান্ডুইচ বিস্কুট জব্দ করা হয়। এছাড়া ২০১৮ মডেলের একটি পুরোনো টাটা টিপার ড্রাম ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০১৪৯) জব্দ করা হয়।
আটক জুয়েল আহমেদ উপজেলার লাকি পূর্বপাড়ার কাচা মিয়ার ছেলে। আর পালিয়ে যাওয়া আনোয়ার মিয়া লাকি মাঝপাড়ার মুহিবুর মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। আটক জুয়েল আহমেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
