যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা থেকে ছুটিপুর সড়কের মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গুরুতর আহত নসিমনের চালক আব্দুল মাজিদ কেশবপুরের গড়ডাঙ্গা গ্রামের আহম্মেদ বিশ্বাসের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিহত শোভন ও দিশা তাদের মা ও দাদুর সঙ্গে পূজা দেখতে বের হয়। পূজা দেখে ভ্যানে করে কাউন্সিল রোডে পৌঁছালে ছুটিপুর থেকে ঝিকরগাছাগামী একটি গরুবোঝাই নসিমন চাপা দিয়ে তাদের ওপর পড়ে। এসময় শোভন ও দিশা ও নসিমনচালক আব্দুল মাজিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শোভন ও দিশাকে মৃত ঘোষণা করেন এবং নসিমনচালক মাজিদকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসট্যান্ট সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথেই শোভন ও দিশা মারা গেছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার উপপরিদর্শক ফিরোজুল ইসলাম জানান, ঝিকরগাছা থেকে ছুটিপুর সড়কের মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় নসিমনচাপায় ভ্যানের যাত্রী দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
রেজওয়ান বাপ্পী/এসএইচএ
