জয়পুরহাটের কালাই থানায় কাঠের বাটাম নিয়ে ঢুকে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসলাম হোসেন কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। তখন পুলিশ সদস্যরা দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম।
এজাহারে বলা হয়, পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
পরে তাঁকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাঁকে আটকাতে গেলে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন নামে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে আসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএম/
