ব্যক্তিগত তথ্য, তদন্ত সংক্রান্ত প্রশ্ন সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এখনই এই মামলার শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।
মঙ্গলবার অভিষেকের আইনজীবী হাই কোর্টে সওয়াল করে বলেন, অভিষেকের করা মামলাটির দ্রুত শুনানি করা হোক। তৃণমূল সাংসদের অভিযোগ, তদন্ত সংক্রান্ত খবর প্রকাশের ফলে সংবাদমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ হচ্ছে।
এর আগে অভিষেকের এই মামলাটি ছেড়ে দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে মামলাটি খারিজ করবেন না। উপযুক্ত বেঞ্চে মামলাটির শুনানি হবে। তার পর মামলাটি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে আসে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কখনও পুলিশ, কখনও সিআইডি-র মুখোমুখি হয়েছেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা ভিতরে তাঁকে কী কী প্রশ্ন করেছেন, তা পরবর্তী কালে বাইরে ফাঁস হয়ে গিয়েছে। অনেক সংবাদমাধ্যমেই সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ১১ জুন ভবানী ভবনে অভিষেককে তদন্তকারীরা কী প্রশ্ন করেছিলেন, তা-ও সংবাদমাধ্যমে বেরিয়ে গিয়েছে বলে কালীঘাট তৃণমূলের সাংসদের দাবি।
এর আগে আদালতে অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর, চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়ে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিতই নয়। ফলে অভিষেকের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং সুনামের অধিকার লঙ্ঘিত হচ্ছে।
