জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবনার সাঁথিয়া পৌর শাখার সদস্যসচিব মোজাহিদ ফকিরের ফেসবুক আইডির ‘স্টোরিতে’ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুরে ‘বীর মুজাহিদ ফকির’ নামের ওই আইডির স্টোরিতে ২৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এক ঘণ্টা পর আইডি থেকে সেটি সরিয়ে নেওয়া হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ভিডিওতে দৃশ্যমান অস্ত্রটি আসল নাকি খেলনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর থেকে বক্তব্য জানতে এনসিপি নেতা মোজাহিদ ফকিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টিতে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি বকুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন এবং পরে বিস্তারিত জানাবেন। তবে পরবর্তী সময়ে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এ ঘটনার প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। ওই সময় পুলিশের তদন্তে প্রকাশিত অস্ত্রটি খেলনা পিস্তল বলে নিশ্চিত করা হয়েছিল।