অবশেষে আনুষ্ঠানিকভাবে জোট গঠন করল ইসলামী সাতটি দল। হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় ৭টি ইসলামি দলের বৈঠক শেষে এ কথা জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
তিনি জানান, ‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ৭ দলের পরবর্তী বৈঠক বলেও জানান তিনি।
সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।
জোটের ৭টি ইসলামী দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
