শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বেনাপোলে স্যালোইঞ্জিনচালিত ভ্যান থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চালক মিয়ারাজ গাইনকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে ভবেরবেড় এলাকায় বেনাপোল ফিলিংস্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ভ্যানচালক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালিগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাহবুবুর রহমান সেখানে অভিযান চালিয়ে চালকের আসনের ওপর নির্মিত ছাউনিতে তল্লাশি চালায়। এ সময় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আলামত হিসেবে অস্ত্র-গুলি জব্দ এবং চালককে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
The post বেনাপোলে পিস্তল ও গুলিসহ ভ্যানচালক আটক appeared first on লোকসমাজ.
