ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেল আফগানিস্তান। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে দলটি। ইংল্যান্ডকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে আফগানরা।
শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে মাত্র ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তানের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৬৮ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজের ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক রহমত শাহকে সঙ্গে নিয়ে আরও ৮২ রানের জুটি গড়েন ইব্রাহিম।
৯৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। তার দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩৫তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। এতে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিশ্চিত হয় দলটির।
ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইব্রাহিম জাদরান। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ১১টি উইকেট নিয়ে সিরিজসেরা হন রশিদ খান।
সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও। আফগানিস্তান দুই পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। বিপরীতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ফলে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে দলটি।
ইংল্যান্ডের এই পতনে লাভবান হয়েছে শ্রীলঙ্কা। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লঙ্কানরা। ফাইনালে ওঠার সুবাদে জিম্বাবুয়ের পয়েন্ট দুই বাড়লেও র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি; ১১ নম্বরেই রয়েছে দলটি।
অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জিততে না পারায় দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে নবম অবস্থান ধরে রেখেছে টাইগাররা।