শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ রাত
নিউজ ডেস্ক: বিএনপির শূন্য ঘোষণা করা ২৩নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৬৭ জন। যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেত্রীরা রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে দলীয় সুত্রে জানা গেছে। ওই আসনের এমপি ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
বিএনপির আগেই ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
যা পূরণ করে আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।
ফরম নেওয়াদের মধ্যে রয়েছেন- বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু, আয়শা সিদ্দিকা মনি, সাবেরা আলাউদ্দিন হেনা, সিমকী ইমাম খান, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা, চট্টগ্রাম-৯ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি।
তাঁর পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন–২৩ শূন্য ঘোষণা করা হয়। এই আসনের উপনির্বাচন হবে ১২ নভেম্বর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পহেলা নভেম্বর। বিএনপির জন্য এই আসনটি বরাদ্দ হওয়ায় শুধু তারাই এখানে প্রার্থী মনোনয়ন দেবে। দল থেকে যদি একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে সংসদে ভোট হবে।
এ ছাড়া একজনকে মনোনয়ন দিলে তিনি সরাসরি নির্বাচিত হবেন।
