ছবি: সংগৃহীত
-->বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ঘিরে বাড়ছে বিতর্ক। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসব বিষয়ে জবাবদিহি চেয়ে ফিফার কাছে ৪২টি প্রশ্ন পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে সব প্রশ্নের লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি চেয়েছে সংস্থাটি।
১৯ অক্টোবরের উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস চিঠিটি পাঠান ফিফার জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমকে। এতে ফিফার প্রশাসনিক স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প। এ উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপের অংশবিশেষ বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক জোশ কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
উয়েফার অভিযোগ, ফিফা কাউন্সিলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। কারা থ্রাইভ ক্যাপিটালকে একচ্ছত্র অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, প্রকল্পটি প্রথম কখন উত্থাপিত হয়েছিল এবং কারা এতে যুক্ত ছিলেন-এসব প্রশ্নের উত্তর চেয়েছে ইউরোপীয় সংস্থাটি।
বালোগানের লাল কার্ড বাতিলের বিষয়টিও চিঠিতে গুরুত্ব পেয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ইনফান্তিনোর কাছে কী চাওয়া হয়েছিল, তা জানতে চেয়েছে উয়েফা। পাশাপাশি ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
চিঠিতে থিওডোরিডিস জানান, ফিফা কাউন্সিলের সদস্যদের তোলা মৌলিক প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর এখনও মেলেনি। চাওয়া নথিপত্রও সরবরাহ করা হয়নি। এফএফই প্রকল্প প্রত্যাহার ও সম্ভাব্য প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ দূর করতে পারেনি ফিফা।
এর আগে প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। পরে প্রকল্পটির পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা পেয়ে সেই হুমকি প্রত্যাহার করে সংস্থাটি। তবে ২০২৭ সালের নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা অব্যাহত রেখেছে তারা।
আগামী ১৮ নভেম্বর ফিফা সভাপতি পদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর নাম সামনে আসেনি।
পাপ্পু/
