ছোট ও বড়পর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। নব্বই দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রামের পটিয়াতে তার জন্ম। শৈশব থেকেই নাচের প্রতি তার আসক্তি। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখেছেন। প্রথম শ্রেণিতে পড়ার সময়ে ‘পদ্ম কুঁড়ি’ চ্যাম্পিয়ন হন।
পরবর্তীতে স্কলাস্টিকা থেকে ও লেভেল এবং ব্রিটিশ কাউন্সিল থেকে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে এ লেভেল শেষ করেন সাবিলা নূর। ইংরেজি সাহিত্যের প্রতি আলাদা ভালো লাগা কাজ করত তার। এ জন্যই ‘বিএ ইন ইংলিশ লিটারেচার’ বেছে নেন। ২০২৩ সালে এআইইউবি থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। অভিনয় ও সংসার সামলেও ৩ দশমিক ৯৭ সিজিপিএ পেয়েছেন এই অভিনেত্রী। চারের মধ্যে এই রেজাল্ট ধরে রাখা মোটেও সহজ ছিল না।
২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। পরবর্তীতে অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ হয়েছেন। ২০১৪ সালেই টিভি নাটকে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম নাটক—‘ইউটার্ন’। পরের বছরই ‘মাঙ্কি বিজনেস’ টেলিফিল্মে ‘দ্য ইমাজিনারি গার্ল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। মূলত, এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। এরপর অপূর্ব, মোশাররফ করিম, আফরান নিশোসহ প্রথম সারির সব তারকা অভিনেতার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন কাড়েন।
শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে দেশে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল এটি নির্মাণ করেন। এ সিনেমায় ‘শেখ রেহানা’ চরিত্রে অভিনয় করেন সাবিলা নূর। এটি তার অভিষেক চলচ্চিত্র। ২০২৩ সালে মুক্তি পায় সিনেমাটি।
২০২৫ সালে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। এতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। পরবর্তীতে ‘বনলতা এক্সপ্রেস’, ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করেন। ‘রকস্টার’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানে নেচে দর্শক মাত করেন এই অভিনেত্রী। ওটিটিতেও কাজ করছেন সাবিলা। তাছাড়া শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায়ও দেখা যাবে তাকে। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে, গুঞ্জন উড়ছে—ভেঙে যাচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের সাত বছরের সংসার। এমন আলোচনায় মুখরিত শোবিজ অঙ্গন। ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আব্দুল মামুন ও চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে এ চর্চা চলছে। সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্র গণমাধ্যমে দাবি করেছেন—সিনেমার শুটিং সেট থেকেই না কি সাবিলা নূরের সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সঙ্গে গভীর প্রেমে রূপ নিয়েছে।
একটি সূত্র গণমাধ্যমে বলেন, “এই সম্পর্কের জের ধরেই না কি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরে স্বামী নেহালের সঙ্গে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।”
‘রকস্টার’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে নেচে ঝড় তুলেন সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কথা ভেসে বেড়াচ্ছে। ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের নাম জড়িয়েছে। কিন্তু পেশাগত সম্পর্কের বাইরে তাদের মাঝে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। হঠাৎ সাবিলার সংসার ভাঙার গুঞ্জনে হতবাক ভক্ত-অনুরাগীরা। এ নিয়ে চর্চা চললেও এখন পর্যন্ত একটি শব্দও খরচ করেননি এই অভিনেত্রী।
