অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, ২০ ও ২১ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর বিভাগে—৬১৯টি। এরপর মতিঝিলে ৪৬২টি এবং উত্তরা বিভাগে ৪৬০টি মামলা করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ২২০টি, লালবাগে ২২২টি, গুলশানে ১৯৭টি, রমনায় ১৬৪টি এবং ওয়ারী বিভাগে ১৫৫টি মামলা করা হয়েছে।
মিরপুর বিভাগে করা ৬১৯টি মামলার মধ্যে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৮৭টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
লালবাগে ১০টি বাস, ১৬টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেল; ওয়ারীতে ৩৪টি বাস, ১৫টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ছাড়া তেজগাঁওয়ে ১৫টি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেল এবং গুলশানে ৩৪টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী।
