মাত্র ১৩ মাসে কোরআনে কারিমের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন ১০ বছরের কিশোর মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসার শিক্ষকের কাছে পবিত্র কোরআনের শেষ সবক শোনায় সে। এর মধ্য দিয়ে তার হেফজ সম্পন্ন হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার হেফজ সম্পন্ন হওয়ার ঘোষণা প্রদান করে।
নাঈম যমুনা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান নুরুল ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।
সিলেটের কানাইঘাট উপজেলার চতুল-সরুফৌদ গ্রামের এই কিশোরের অসাধারণ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। তার এ অর্জন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রয়াত শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট নাঈম। পিতৃহীন এই শিশুর জীবনে নানা প্রতিকূলতা থাকলেও অধ্যবসায়, নিজের ইচ্ছাশক্তি ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে সম্পন্ন করেছে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হেফজ।
জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগে অধ্যয়নকালে মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে নাঈম। অল্প বয়সে এত কম সময়ে তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য মহান আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ। নাঈমের এ অর্জন আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের উপলক্ষ। তার আগামী দিনের পথচলা আরও সুন্দর ও কল্যাণময় হোক- এ প্রত্যাশা শিক্ষাপ্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সবার।
উল্লেখ্য, নাঈমের সাফল্যের পেছনে রয়েছে তার মায়ের দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের গল্প। স্বামীকে হারানোর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েন মরিয়ম বেগম। আর্থিক সংকটের কারণে একসময় সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ায় যমুনা গ্রুপ।
জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাহবুবুল আম্বিয়া বলেন, নাঈম খুব অল্প সময়ের মধ্যে হেফজ সম্পন্ন করেছে। তার এই অর্জনে মাদরাসার শিক্ষকসহ সবাই আনন্দিত। তিনি নাঈমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
নিজের ইচ্ছাশক্তি, নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের সহযোগিতায় অল্প সময়ে হেফজ সম্পন্ন করতে পেরে কিশোর নাঈম নিজেও উচ্ছ্বসিত।
নিজের অনুভূতি প্রকাশ করে নাঈম বলেন, ‘মায়ের দোয়া ও মাদরাসার ওস্তাদদের সহযোগিতায় আমি ১৩ মাসের মধ্যে হেফজ সম্পন্ন করেছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে একজন আলেম হয়ে দেশ, জাতি ও ইসলামের খেদমত করতে পারি।’
