কালবেলা · বিনোদন
দুই বন্ধুর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ম্রুনাল! তারপর যা হলো...
২০/১০/২০২৬

সাম্প্রতিক সময়ে বলিউডে বইছে ম্রুণাল ঠাকুরের প্রশংসার জোয়ার। অনবদ্য ও সাবলীল অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। ম্রুনাল অভিনীত নতুন সিনেমা ‘পূজা মেরি জান’ এখন জি ফাইভে মুক্তি পেয়েছে। সিনেমার চরিত্রটি তার বাস্তব জীবনের এক তিক্ত ঘটনার সঙ্গে মিলে যায়। সেই তিক্ত ঘটনাটি নিয়ে সামাজিকমাধ্যমে মুখ খুলেছেন ম্রুনাল ঠাকুর।
‘পূজা মেরি জান’-এ মোহে আচ্ছন্ন করা এক প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গীর প্রতি অন্ধ ভালোবাসার পরিণতি এতে দেখানো হয়েছে। এই ভালোবাসা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। থ্রিলার ড্রামাটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে। এর গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। গল্পে সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে। বিশেষ করে প্রত্যাখ্যান, সম্মতি এবং জবাবদিহিতা ফুটিয়ে তোলা হয়েছে।
এমন ঘটনা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে বলে জানান ম্রুনাল ঠাকুর। নিজের জীবনের অতীত ঘটনা শেয়ার করে তিনি জানান, তার দুই ঘনিষ্ঠ বন্ধু তাকে পছন্দ করত। কিন্তু তিনি দুজনকে পরিষ্কার ‘না’ বলে দিয়েছিলেন। এরপর সেই বন্ধুরা তাকে নিয়ে বাজে কথা বলা শুরু করে।
ম্রুনাল আরও বলেন, ‘আমার বয়স যখন ২৫ বা ২৬ বছর, তখন আমি তাদের মুখোমুখি হই। তারা তখন বলে যে তারা বুঝতেই পারেনি যে তারা আমাকে বুলিং করেছিল। প্রায় এক যুগ পর তারা আমার কাছে ক্ষমা চায়।’
সিনেমাটিতে ম্রুনাল ছাড়াও অভিনয় করেছেন বিক্রম সিং চৌহান। বিক্রমের চরিত্রের নাম অনিক। আর ম্রুনালের চরিত্রের নাম পূজা ডোগরা।
কাহিনিতে দেখা যায়, দীর্ঘদিনের প্রেমিক অনিক পূজাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মুক্তমনা পূজা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে অনিক মানসিকভাবে ভেঙে পড়ে।
হতাশা থেকে অনিক চরম সিদ্ধান্ত নেয়। সে আত্মহত্যার পথ বেছে নেয়। মৃত্যুর আগে সে একটি নোট রেখে যায়। সেই নোটে সে পূজাকে এজন্য দায়ী করে।
এরপর পূজার ওপর ক্ষোভ ঝাড়তে শুরু করে সবাই। তাকে নানা কটূক্তির মুখোমুখি হতে হয়। তখন সে এক আইনজীবীর সাহায্য নেয়। এই আইনজীবীর নাম সানা মেহফুজ। চরিত্রটিতে অভিনয় করেছেন হুমা কুরেশি।
সূত্র: ফিল্মফেয়ার
মূল প্রতিবেদনে যান ↗