অনলাইন ডেস্ক
মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়। এতে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও তাঁদের বিচারপ্রক্রিয়া বা দণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক চিঠি বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
