কালবেলা · আন্তর্জাতিক
মেক্সিকোয় তিনজনের ১৫৮ বছরের কারাদণ্ড
১৭/১০/২০২৬

মেক্সিকোয় সার্ফিং করতে আসা অস্ট্রেলিয়ার দুই ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আদালত এ রায় দেন বলে জানিয়েছেন বিচার বিভাগীয় এক কর্মকর্তা।
শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন যিশুস গেরার্দো ‘এল কেকাস’ নামে পরিচিত ‘এন’, ইরিনেও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল যিশুস ‘এন’। তাদের বিরুদ্ধে হত্যা, গুরুতর ডাকাতি, সহিংসতার মাধ্যমে ডাকাতি এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। এক সপ্তাহ আগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
নিহত ব্যক্তিরা হলেন অস্ট্রেলীয় দুই ভাই জেক রবিনসন (৩৩) ও ক্যালাম রবিনসন (৩০) এবং তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোড (৩০)।
বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।
২০২৪ সালে নিখোঁজ হন তিন সার্ফার
২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে মেক্সিকোয় নিখোঁজ হন ওই তিন বিদেশি নাগরিক। তারা এনসেনাদা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে পুন্তা সান হোসে এলাকায় ক্যাম্পিং ও সার্ফিং করছিলেন।
পরে একটি পানির কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গিসেল সিলভা নামের এক নারীকে গত বছরের নভেম্বরে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সহিংসতার মাধ্যমে গুরুতর ডাকাতি ও গাড়ি চুরির অভিযোগ স্বীকার করার পর দ্রুত বিচারপ্রক্রিয়ায় তাকে এ সাজা দেওয়া হয়। ওই নারীর বয়স তখন ছিল ২৩ বছর। বিদেশি তিন নাগরিকের মরদেহ উদ্ধারের কয়েক দিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗