জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বৃহত্তর চট্টগ্রামের কৃতী ব্যক্তিত্বদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংগঠনটি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি-ঢাকার নিজস্ব ভবনের মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি। চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও নাছির উদ্দিন এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত ব্যক্তিত্বদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি হিসেবে মহান স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রামের কৃতী ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ২০২৫ ও ২০২৬ সালের মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও মরহুমা নভেরা আহমেদ। এ ছাড়া ২০২৫ ও ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খানকে সংবর্ধনা দেওয়া হয়।
অন্যদিকে, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।
