আমন্ত্রণ পেয়েও বিরোধী নেতারা অনুষ্ঠানে যাননি বলে দাবি মীর শাহে আলমের, জুলাই সনদ বাস্তবায়নে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের নেতারা উপস্থিত হননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাক্ষণ রাজনীতি করেন, তারা আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে না গিয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, গত ১৯ অক্টোবর ঢাকার ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম টেলিফোনেও আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়ন করা ওসমানী উদ্যান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম রয়েছে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুষ্ঠানে যাননি—এ যুক্তি সঠিক নয়। আমন্ত্রণপত্রে নাম না থাকলেও প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী মঞ্চে ডেকে নিয়েছিলেন। বিরোধী দলের প্রতিনিধিরাও উপস্থিত হলে তাঁদের মঞ্চে ডাকা হতো বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে মীর শাহে আলম বলেন, তারা এক দফার নামে দেশজুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার পরিণতি দেশের মানুষ অতীতেও দেখেছে। বিএনপি কোনো বিশেষ ধর্মীয় বা নির্দিষ্ট গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি।
বাক্স্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিএনপির ভেতরে থাকা ‘গুপ্ত বিএনপি’ সদস্যদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী দ্রুত প্রতিনিধিদের নাম দেওয়ার আহ্বান জানান। সংঘাতের পথ ছেড়ে কমিটিতে যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিং শেষে সড়ক দুর্ঘটনায় নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন প্রতিমন্ত্রী।

