ছবি: সংগৃহীত
-->১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ ও নারী দুই বিভাগেই স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা। পুরুষ বিভাগে ইমরানুর রহমান এবং নারী বিভাগে শিরিন আক্তার হয়েছেন দ্রুততম।
শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর। ১০.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন সেনাবাহিনীর তারেক রহমান।
ইমরানুর এ নিয়ে সপ্তমবারের মতো দেশের দ্রুততম মানব হলেন।
আরও পড়ুন
অন্যদিকে মেয়েদের বিভাগে ১৮তম বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতেছেন শিরিন আক্তার। এদিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের পরেই মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়। এতে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন শিরিন আক্তার। সেনাবাহিনীর শরীফা খাতুন ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা এবং নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
জয়ের পর শিরিন তার সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাকে। তিনি মনে করেন, এই পারফরম্যান্স সামনে সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতেও অনুপ্রেরণা জোগাবে।
আরও পড়ুন
এদিকে, অ্যাথলেটদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগের কথাও জানানো হয়েছে। আবাসন, পুষ্টিকর খাবার ও যাতায়াতের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি জেলা পর্যায় থেকে আরও বেশি অ্যাথলেটকে প্রতিযোগিতায় যুক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের আশা, এসব সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরও পড়ুন
তোফায়েল/এএফ
