রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সলিমুল্লাহ রোডের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার যুবক মানিক মিয়া (২৩)।
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, যুবক গ্রেপ্তার
হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে। ছিনতাই হওয়া মুঠোফোন দুটি উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পৌনে ৪টা থেকে ৪টার মধ্যে ২০ থেকে ২৫ বছর বয়সী চার যুবক একটি অটোরিকশায় করে ঘটনাস্থলে আসেন। তাদের সঙ্গে চাপাতি ছিল। পরে তারা এক পথচারী যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এরপর অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
পুলিশের তথ্য অনুযায়ী ভুক্তভোগী যুবকের নাম মাসফিকুর রহমান। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের ডি-ব্লকের একটি বাসায় থাকেন। ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মুঠোফোন উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মুঠোফোন দুটির অবস্থান কাফরুল থানা এলাকায় শনাক্ত করা হয়েছে।
কেএমএএ/আপ্র/২২.১০.২০২৬
