জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
এ সময় বক্তব্য রাখেন মহিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আকতার জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
