যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় মুরগিভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাভারণ থেকে মুরগিভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে অস্ত্রের চালান বেনাপোলের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে ভ্যানটির গতিরোধ করে তল্লাশি চালায়।
এ সময় ভ্যানচালকের আসনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ভ্যানচালক মিয়ারাজ গাইনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অস্ত্রসহ এক ভ্যানচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধার করা অস্ত্রসহ তাকে আজ যশোর আদালতে পাঠানো হবে।
