কবিতার বইয়ের বাজার সীমিত—এমন ধারণা থেকে অনেক প্রকাশকই নবীন কবিদের বই প্রকাশে আগ্রহ দেখান না। ফলে প্রতিভা ও সৃজনশীলতা থাকা সত্ত্বেও অনেক তরুণ কবির প্রথম বই প্রকাশের স্বপ্ন অধরাই থেকে যায়। এই বাস্তবতায় নবীন কবিদের আত্মপ্রকাশের সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ‘একুশের সংকলন’।
প্রতিষ্ঠানটির বিশেষ আয়োজন ‘কবি-অভিষেক’-এর আওতায় আসন্ন একুশের বইমেলাকে সামনে রেখে প্রথম কবিতার বই প্রকাশে আগ্রহী নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। আগ্রহী কবিদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছর। পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৬।
কবিতার বই প্রকাশের সুযোগ তৈরি করার পাশাপাশি নবীন কবিদের উৎসাহিত ও সম্মানিত করার লক্ষ্যে ২০২০ সাল থেকে ‘কবি-অভিষেক’ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ‘একুশের সংকলন’। গত ছয় বছরে এই উদ্যোগের মাধ্যমে ছয়জন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অভিষিক্ত কবিদের দেওয়া হয়েছে নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক। তাদের ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবেরও।
কবি-অভিষেক উৎসবে নবপ্রকাশিত বই নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবিরা। থাকে কবির কবিতা থেকে আবৃত্তি, অভিষিক্ত কবির নিজস্ব অনুভূতি প্রকাশের সুযোগ এবং পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময়। এ আয়োজনের মধ্য দিয়ে নবীন কবিদের সাহিত্যজগতে পরিচিত করে তোলা এবং তাঁদের সৃজনশীল যাত্রাকে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়।
দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়ে আসছে ‘একুশের সংকলন’। এর সম্পাদনার দায়িত্বে রয়েছেন কবি মারুফ রায়হান। নবীন কবিদের প্রথম বই প্রকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে ব্যতিক্রমী পরিকল্পনা নিয়ে কাজ করছে, ‘কবি-অভিষেক’ তারই একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
পাণ্ডুলিপি পাঠানোর নিয়ম
আসন্ন একুশের বইমেলায় প্রথম কবিতার বই প্রকাশের জন্য আগ্রহী নবীন কবিদের কমপক্ষে ৪০টি কবিতা সংবলিত পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি পাঠাতে হবে। পাণ্ডুলিপির সঙ্গে দিতে হবে কবির পূর্ণাঙ্গ পরিচিতি। কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফ—দুই সংস্করণেই পাণ্ডুলিপি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পাণ্ডুলিপি পাঠানোর ই-মেইল: marufraihan71@gmail.com
শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
একুশের চেতনায় প্রকাশনা উদ্যোগ
মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং একুশের অন্যতম অর্জন ‘একুশের বইমেলা’কে আরও অর্থবহ করে তোলার প্রত্যাশায় ‘একুশের সংকলন’ প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে প্রকাশিত হয়। একুশের বইমেলায় প্রকাশিত হাজারো নতুন বইয়ের মধ্য থেকে নির্বাচিত ৫০টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রঙিন পুস্তিকা বা ক্রোড়পত্র প্রকাশ এই উদ্যোগের অন্যতম আকর্ষণ।
পাঠকের কাছে নির্বাচিত বইগুলোর পরিচিতি সহজে পৌঁছে দিতে পুস্তিকাটির ই-পেপার সংস্করণও মোবাইল ফোনে পাঠোপযোগী করা হয়েছে। www.banglamati.net/50-book লিংকে প্রবেশ করে যে কেউ বিগত ১২ বছরের নির্বাচিত বইগুলোর পরিচিতি পড়তে পারবেন।
নবীন কবিদের প্রথম বই প্রকাশের সুযোগ সৃষ্টি এবং বাংলা কবিতার নতুন কণ্ঠকে পাঠকের সামনে তুলে ধরার মধ্য দিয়ে ‘একুশের সংকলন’-এর ‘কবি-অভিষেক’ উদ্যোগ নবীন কবিদের সাহিত্যযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
