ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার চারটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের অধীন মোট পাঁচটি ইউনিটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সার্বিক তত্ত্বাবধানে মোট ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের প্রধান অতিথি ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সাকিনা আলম লিজা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ২৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন কর্মী সোমবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেজে যুক্ত করবেন।
জেএইচআর
