সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। নিহতের তিন এতিম সন্তানের ভবিষ্যতের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি জানান, সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তারা গিয়েছিলেন। এ সময় তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার একটি চেক দেওয়া হয়।
তিনি নিহতের পরিবারের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান।
