বেহাত হওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের পুরো নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ঠিকানা, স্থায়ী ও বর্তমান বসবাসের ঠিকানা ও তাদের ঋণ সংক্রান্ত রেকর্ড।
Published : 21 Oct 2026, 03:47 PM
Updated : 21 Oct 2026, 03:47 PM
সাইবার হামলার শিকার হয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)।
এ হামলার ফলে ব্যাংকটির প্রায় ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের সংবেদনশীল ও গোপন তথ্য ইন্টারনেটের গোপন অলিগলি হিসেবে পরিচিত ডার্ক ওয়েবে উন্মুক্ত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বুধবার বিবৃতিতে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এসবিআই বলেছে, প্রাথমিক বিশ্লেষণ অনুসারে, বেহাত হওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের পুরো নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ঠিকানা, স্থায়ী ও বর্তমান বসবাসের ঠিকানা, ব্র্যান্ড ও কাস্টমার আইডেন্টিফায়ার এবং তাদের ঋণ সংক্রান্ত বিস্তারিত রেকর্ড।
সাইবার হামলার সার্বিক ভয়াবহতা এবং তথ্য ফাঁসের ধরন ও ব্যাপ্তি খতিয়ে দেখতে এরইমধ্যে পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি।
এসবিআই বলেছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পর্যালোচনার জন্য স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা এই তথ্য ফাঁসের কারণ ও পরিধি উদ্ঘাটন করবে।
আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ডার্ক ওয়েবে নাম, ঠিকানা ও ঋণের তথ্যের মতো ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা আর্থিক প্রতারণা, ফিশিং হামলা বা ডিজিটাল জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন।
ব্যাংকটি বলেছে, তথ্য ফাঁসের ফলে ব্যাংকের মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা বা ধারাবাহিক পরিষেবার ওপর কোনো বড় ধরনের প্রভাব পড়বে না।
এদিকে, আর্থিক কোম্পানিগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে সাইবার হুমকি বাড়ায় ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তাগিদ দিয়েছে ভারতের বিভিন্ন ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।
ঠিক এমন সময়েই এসবিআইয়ের এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল।
