চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ৫৬৬ গ্রাম স্বর্ণদণ্ড ও অলঙ্কারসহ আবুধাবি থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে (BS-350) মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।
বিমানবন্দরের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিজিএফআই কর্তৃক সন্দেহজনক বিবেচিত হয়।
এরপর বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্বাবধানে যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দন্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িসহ ৫৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তরের করা হয়েছে।
