ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। জন্মদিন উপলক্ষে সাদাকালো আবহে তোলা বেশ কিছু আকর্ষণীয় ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই নায়িকা।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে রোববার রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে স্টাইলিশ পোশাকে হাতে কেক নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।

অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয় মায়ের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় সে।
জয়ের ভালোবাসায় ভরা বার্তাটি ছিল, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ বার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করে সে। ছেলের এমন আন্তরিক শুভেচ্ছা জন্মদিনের আনন্দে বাড়তি আবেগ যোগ করেছে।
এর আগের দিনও জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সাদাকালো আবহে তৈরি ওই ভিডিওর ক্যাপশনে তিনি নতুন বছরটি হাসি, শিক্ষা ও ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিডিওটিতেও অভিনেত্রীর ভিন্নধর্মী সাজ ও স্টাইল নজর কেড়েছে।

অপু বিশ্বাসের নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাওয়ার পাশাপাশি কিছু বিতর্কও তৈরি করেছে। বিশেষ করে ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন নেটিজেন। তাদের মতে, অভিনেত্রীকে ‘গার্ল’ না বলে ‘লেডি’ বলা বেশি উপযুক্ত। এ প্রসঙ্গে একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
ছবিতে তার পোশাক ও সাজ নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন অনেকে। তবে এসব আলোচনার মধ্যেও অধিকাংশ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।
ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল অপু বিশ্বাসের। নাচ শেখার সূত্র ধরেই একসময় অভিনয়জগতে প্রবেশ করেন তিনি।
২০০৫ সালে নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন অপু বিশ্বাস। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন অপু বিশ্বাস। জন্মদিনে প্রকাশিত নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তার চিত্র তুলে ধরেছে।