সাতক্ষীরায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশের মতো সাতক্ষীরাতেও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী এতে অংশ নেবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে স্পষ্ট নির্দেশনা জারি করে জানানো হয়েছে, বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, জেলার সাতটি উপজেলার মধ্যে সাতক্ষীরা সদর: ২৩৫টি বিদ্যালয়ের ১,৮১১ জন তালা: ২২৪টি বিদ্যালয়ের ১,২১১ জন শ্যামনগর: ২৩০টি বিদ্যালয়ের ১,২৩৭ জন কলারোয়া: ১৩৪টি বিদ্যালয়ের ১,১৫০ জন কালীগঞ্জ: ১৫৭টি বিদ্যালয়ের ১,০৭১ জন আশাশুনি: ১৬৯টি বিদ্যালয়ের ১,০৬২ জন দেবহাটা: ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান (এনডিসি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কঠোরভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর: বাংলা ২১ ডিসেম্বর: ইংরেজি ২২ ডিসেম্বর: প্রাথমিক গণিত ২৩ ডিসেম্বর: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা করে পাবে। অন্যদিকে সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সরকারি নির্দেশনা মেনে পুরোপুরি বিনামূল্যে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং শিক্ষা অফিসের সমন্বয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
