তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফের বাহারছড়ার পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপহরণের তিনদিন পর মোহাম্মদ রফিক (৪৫) নামে এক ব্যক্তি মুক্তি পেয়েছেন।
স্থানীয়রা বলছেন, পরিবারের পক্ষ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। তবে এ ব্যাপারে পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদ রফিক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে একদল অস্ত্রধারী ব্যক্তি বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইন্নাপাড়া সংলগ্ন চৌকিদার পাড়া এলাকায় রফিকের নিজ বাড়িতে যায়। পরে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। পরে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ রফিককে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
রফিক বাড়িতে ফেরার পর স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরের পর মোহাম্মদ রফিক নিজ বাড়িতে ফিরে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার খোঁজখবর নিয়েছে। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
